আন্তর্জাতিক ডেবিট কার্ড সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা

১৭ জুন, ২০২০ ০৩:৪৪  
আন্তর্জাতিক ডেবিট কার্ড চালু করতে দেশে প্রথমবারের মত ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অনুমতির ফলে  একটি হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড দিতে পারবে ব্যাংক। ক্রেডিট কার্ডের মত এক্ষেত্রেও বার্ষিক ভ্রমণ কোটার ১২ হাজার ডলারের বেশি বিদেশে খরচ করতে পারবেন না গ্রাহক। ১৬ জুন এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। এই বিভাগের জেনারেল ম্যানেজার সাক্ষরিত ওই চিঠিতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু করতে ৩টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে এখন থেকে ভ্রমণ কোটার আওতায় গ্রাহকের স্থানীয় মুদ্রায় খোলা ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো। বিদেশে খরচ করার আগে ব্যাংকের কাছ থেকে গ্রাহকের পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করে নিতে হবে। বিদেশে খরচ করা অর্থ সমন্বয় করার জন্য গ্রাহকের যে হিসাবের সঙ্গে আন্তর্জাতিক ডেবিট কার্ড সংযুক্ত থাকবে, সেই হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হবে। জানাগেছে, বিদেশে গিয়ে এই আন্তর্জাতিক ডেবিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ডের মতই কেনাকাটা, যাতায়াত, হোটেলের বিল পরিশোধসহ অনুমোদিত সবকিছু করা যাবে। সেজন্য বিদেশে যাওয়ার আগে বার্ষিক ভ্রমণ কোটার প্রাপ্য ডলার এন্ডোর্স করিয়ে নিতে হবে। তবে বছরে একজন ১২ হাজার ডলারের বেশি খরচ করা যাবে না। নিজের অ্যাকউন্টে টাকা থাকলেই কেবল গ্রাহক ভ্রমণ কোটার এই ১২ হাজার ডলারের পুরোটাই খরচ করতে পারবেন। আগে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার ডলার। এছাড়া অন্যান্য দেশের জন্য এ সীমা ছিল ৭ হাজার ডলার। ডেবিট কার্ডের ব্যয়ও এর চেয়ে বেশি করা যাবে না।